Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় বালুবাহী বাল্কহেড ডুবি, নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়।

নিহত দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সঙ্গে উদ্ধার কাজে যুক্ত ছিল। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুইজনকে পাওয়া যায়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে জেলার পূর্বধলা থেকে একটি বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন।

প্রতিনিধি/ এজে