Dhaka Mail Logo

সারাদেশ

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম

রাজধানীর বনশ্রী এলাকা থেকে শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে বনশ্রীর বাসা থেকে আটক করে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার ঘটনাস্থল ছিল ঢাকার যাত্রাবাড়ী থানার চৌরাস্তার সড়ক, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

মামলার এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

গ্রেপ্তার পারভেজ রহমানের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিবির একটি টিম পারভেজ রহমান জনকে আটক করে নিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে, সেখানে যোগাযোগ করতে। পরে আমরা যোগাযোগ করে জানতে পারি, তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।

এ বিষয়ে শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার হয়েছেন কি না আপনার কাছ থেকেই প্রথম শুনেছি। অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি।

প্রতিনিধি/ এজে