images

সারাদেশ

নাটোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ১০:৫৫ এএম

নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) বিকেলে নবজাতকের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ ও হট্টগোল করেন। পরে রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী লালপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১)‌কে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসক ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে উপস্থিত নার্স ও আয়া প্রসব করানোর চেষ্টা করেন। রাত ১০টার দিকে তারা মিলে শিশুর জন্ম সম্পন্ন করেন।

সন্তান প্রসবের পর নবজাতকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সেই সময় দায়িত্বরত কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পরদিন সকালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স ও আয়ার মাধ্যমে প্রসব করানোর সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই নবজাতকের মৃত্যুর কারণ।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারজানা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/একেবি