Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে ১৫৩২ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

টাঙ্গাইলে ১২টি উপজেলায় এক হাজার ৫৩২টি ঈদগাহ মাঠে আগামীকাল শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হবে। এরমধ্যে কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি এবং ধনবাড়ী উপজেলায় সর্বনিম্ন ১৬টি ঈদের জামাত আয়োজন করা হবে।

শুক্রবার (৬ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার এক হাজার ৫৩২টি ঈদগাহ মাঠে শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হবে। তার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৫টি ঈদের জামাত আয়োজন করা হবে। টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি সোলায়মান।

ধনবাড়ী উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে কম ১৬টি ঈদ জামাত আয়োজন করা হবে সকাল ৮টায় নবাববাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এতে ইমামতি করবেন আফিফ চৌধুরী। মধুপুর উপজেলায় ৭৪টি ঈদ জামাত আয়োজন করা হবে।

মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৪০ মিনিটে আয়োজন করা প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মো. আনোয়ার।

গোপালপুর উপজেলায় ২০টি ঈদের জামাত আয়োজন করা হবে। গোপালপুরের সূতী ভিএম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় আয়োজন করা জামাতে ইমামতি করবেন মো. সালিম আহম্মেদ।

দেলদুয়ার উপজেলায় ১২৮টি ঈদগাহ মাঠে জামাত আয়োজন করা হবে। আটিয়া শাহী ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০মিনিটে আয়োজন করা ঈদ জামাতে ইমামতি করবেন আ. বাছির। 

সখীপুর উপজেলায় ১২৫টি ঈদের জামাত আয়োজন করা হবে। সখীপুরের সোনারতরী দরবার শরীফ ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা সবুর হোসেন।

ঘাটাইল উপজেলায় জেলার দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮টি ঈদের জামাত আয়োজন করা হবে। ঘাটাইলের শাহপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে আয়োজন করা ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আ. রশীদ।

কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি ঈদ জামাত আয়োজন করা হবে। কালিহাতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসেন। এছাড়া উপজেলার বল্লায় জেলার সবচেয়ে বড় আহলে হাদীসের জামাত আয়োজন করা হয়। বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা ঈদের জামাতে ইমামতি করবেন ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ। 

মির্জাপুর উপজেলায় ১১৫টি ঈদের জামাত আয়োজন করা হবে। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠে সকাল ৭টা ১০ মিনিটে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করবেন মাওলানা সালাহ উদ্দিন।

নাগরপুর উপজেলায় ৭৬টি ঈদের জামাত আয়োজন করা হবে। নাগরপুর উপজেলা ঈদগাহ মাঠে সকাল ৮টায় আয়োজন করা ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আলী। 

বাসাইল উপজেলায় ১৭৪টি ঈদের জামাত আয়োজন করা হবে। কলিয়া পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত আয়োজন করার কথা রয়েছে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল। 

ভূঞাপুর উপজেলায় ১২৯টি ঈদের জামাত আয়োজন করা হবে। ভূঞাপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাতে ইমামতি করবেন মাওলানা তোফাজ্জল হোসেন।

জেলার সব ঈদগাহ মাঠ বা মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৯টার মধ্যে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হবে। কোনো কোনো স্থানে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক ঈদের জামাত আয়োজন করা হবে। কোনো কোনো স্থানে মহিলাদের জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জেলায় এক হাজার ৫৩২টি পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজন করা হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের জানাতে জেলার জামাতের স্থান ও সময় প্রচার করা হচ্ছে। এতে মুসল্লিরা সঠিক সময়ে ঈদের জামাতে শরীক হয়ে নামাজ আদায় ও সঠিক সময়ে কোরবানি করার সুযোগ পাবে।