images

সারাদেশ

‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে'

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

সারাদেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সব প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা এই বিক্ষোভ মিছিলের প্রতিপাদ্য বিষয় ছিল 'ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে'।

প্রথমে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে একটি সংক্ষিপ্ত মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনের নিকট।

প্রতিনিধি/ এমইউ