images

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধার লাশ

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ এএম

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর গাঙ্গিনাপাড় নদী থেকে সমুরতেজান (৬৫) নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

মানসিক ভারসাম্যহীন সমুরতেজান সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা গত দু’দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। স্থানীয়ভাবে মাইকিং করে তার কোনো খোঁজ পায়নি পরিবার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করেছে পরিবার। 

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, লাশ বর্তমানে থানায় রয়েছে। নদীতে কোনোভাবে পড়ে গিয়ে বৃদ্ধার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ