images

সারাদেশ

বাবর আসছেন, নেত্রকোনায় উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকা নেত্রকোনায় আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাই বাবরকে বরণে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গেট-তোরণে সাজানো হয়েছে শহর-গ্রামের প্রতিটি মোড়। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নিজ এলাকা নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর।

হাওরবেষ্টিত নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে গ্রেফতারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দু’টি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান।

১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোনা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।

আরও পড়ুন

রামদা হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, সেই যুবদল নেতা বহিষ্কার

নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে পা রাখবেন বাবর, এ খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভাটি বাংলা। বাবরকে বরণ করতে তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে খণ্ড খণ্ড মিছিল করছে নেতাকর্মীরা।

লুৎফুজ্জামান বাবরের বাড়ি মদন উপজেলায়। বাবরের স্বজন ও অনুসারীরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই পাভেল মীর্জা বলেন, ভাই শিগগিরই গ্রামের বাড়িতে আসছেন। আমরা তাকে বরণ করতে প্রহর গুনছি।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল হাসান রাকিব বলেন, বাবর আমাদের জনপদের গণ মানুষের নেতা। নেত্রকোনার মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছে।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন  বলেন, বাবর ভাই ফিরছেন এটা আমাদের পরম পাওয়া। বাবর আমাদের হাওরাঞ্চলের প্রাণ। তাকে ফিরে পেতে মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস বিরাজ করছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি এন আলম তালুকদার জানান, অতীতে ভাটি অঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় লুৎফুজ্জামান বাবর এখানকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভাটি বাংলার মানুষের নয়নের মণি নিজ এলাকায় আসবেন, এ খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বইছে আনন্দের হাওয়া।

প্রতিনিধি/এসএস