জেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
বরিশাল চরমোনাই পিরের মাহফিল থেকে লালমনিরহাট ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রোজিনা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভুট্টা ক্ষেতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়। এতে আরও পাঁচজন আহত হন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রংপুর নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমি মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলার চর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে আহতদের মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে।
প্রতিনিধি/ এমইউ