Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন থেকে আব্দুস সাত্তার (৩৭) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ভোর ৪টার দিকে ঘর থেকে বের হয়ে গেলে সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তারা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রসুলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ফরাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুস সাত্তার ওই বাড়ির মুজিবুল হকের ছেলে। তিনি চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটের মুয়াজ ফ্যাশনের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী ডালিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুস সাত্তার প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রোববার সকালে বাড়ির পাশের একটি আম গাছে গলায় দড়ি পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করে।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে। তবে আমরা মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এমইউ