জেলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
ঝিনাইদহে নাশকতা মামলায় তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।
আসামিরা হলেন- সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনে ছিলেন। ৬ সপ্তাহ পার হওয়ার পর সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন- সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
প্রতিনিধি/ এজে