জেলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
কক্সবাজারের চকরিয়া মহাসড়কের নলবিলায় যাত্রীবাহী গ্রীণলাইন বাসের ধাক্কায় হাসানুল ইসলাম জিসাত (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
জিসাত আলীকদম পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নলবিলা এলাকায় কক্সবাজার মুখি একটি গ্রীণ লাইন বাস চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী।
চিরিংঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি কক্সবাজার চলে গিয়েছে, তবে বাসচালক ও গাড়ি শনাক্ত করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি