বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী '৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫' শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি, যা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ (আরইউমুনা) উপদেষ্টা অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো: "সমতা, টেকসই উন্নয়ন ও সার্বজনীন ন্যায়ের লক্ষ্যে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে আন্তঃদেশীয় ঐক্যের উন্নয়ন". রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
৯টি কমিটি নিয়ে পরিচালিত হবে এবারের সম্মেলন। সেগুলো হলো: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (আইপিসিসি), জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন (ইউএনসিটিএসডি), গ্রুপ অফ টুয়েন্টি (জি-২০), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।
এদিকে, প্রত্যেক কমিটিতে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক সনদ ও অন্যান্য শিক্ষামূলক সামগ্রী।
সম্মেলনের উদ্বোধন আগামী (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. মাঈন উদ্দীন। আর ২৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসিঅধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরইউমুনার উপদেষ্টা অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরইউমুনার সভাপতি দেওয়ান বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা ইসলাম সূচী, সাংগঠনিক সম্পাদক অন্বেষণ চাকমা, এবং আরইউমুনার অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ একটি বিতর্ক সংস্থা। জাতিসংঘের অধিবেশনে যে ধারায় বিতর্ক হয়, তার আদলে দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘের মতো কমিটি গঠন করে ২০১৩ সাল থেকে ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করে আসছে আরইউমুনা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে উপযোগী করাই আরইউমুনার মূল লক্ষ্য।
প্রতিনিধি/একেবি