images

সারাদেশ

৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটা প্রাইভেট কারও জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাড়াশের চলনবিলস্থ ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। 

মাদক কারবারি জুয়েল বেপারী ভোলা জেলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। 

তিনি জানান, মাদক পাচার হচ্ছে এ ধরনের সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়। 
তখন মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার এবং নগদ ১,৬৮০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ