জেলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
ফেনীতে ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে ফেনীতে গণঅভ্যুত্থানে নিহত ১৩ জন শহীদের পরিবারকে ১০ হাজার টাকা এবং ৩২৭ জন আহত ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।
![]()
ফেনী জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহীম বলেন, গোটা দেশের মাঝে ফেনী জেলায় একদিনে সর্বোচ্চ আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের সশস্ত্র এ হামলায় শতশত ব্যক্তি আহত হয়েছে। আমরা নিহত পরিবারদেরকে নানাভাবে সহায়তা দিতে পারলেও আহতদের নিয়ে এবারই প্রথম মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফেনীতে আহতদের ১৬ লাখ ৩৫ হাজার টাকা এবং শহীদ পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। সর্বমোট ফেনীর এ মতবিনিময়কালে উপস্থিত হতাহতদের মাঝে জামায়াতের পক্ষ থেকে নগদ ১৭ লাখ ৬২ হাজার অনুদান বিতরণ করা হয়।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, অভ্যুত্থানে শহীদ মাসুদের ভাই মঞ্জুরুল হাসান, আহত ছাত্র ও ফেনী জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।
মতবিনিময়কালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবে আহতদের দ্রুত চিকিৎসা ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রতিনিধি/এসএস