জেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট প্রকৌশলী আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশনের আগে ১০টি বগির মধ্যে শেষের বগিটি লাইনচ্যুত হয়। এখন উদ্ধার কাজ চলছে। তাড়াতাড়ি যোগাযোগ স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস