Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম

কক্সবাজার থেকে চট্টগ্রামের করের হাটের একটি ইটভাটায় কাজ করতে আসার পথে সাত রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে ফেনীর কয়েকজন যুবক তাদেরকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

আরও পড়ুন: না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার একটি ইটভাটার উদ্দেশে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠে সাত রোহিঙ্গা শরণার্থী। পথে তাদের কথাবার্তায় ওই গাড়িতে থাকা যুবকদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে। 

কথাবার্তার একপর্যায়ে চলন্ত বাসে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যুবকদের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীদের অনুরোধে স্টার লাইন পরিবহনের চালক ওই রোহিঙ্গা শরণার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় না নামিয়ে ফেনীর মহিপালস্থ সেনাবাহিনীর ক্যাম্পের সামনে নিয়ে আসে। পরে সেনাবাহিনীর সদস্যদের হাতে ওই সাত রোহিঙ্গা নাগরিককে সোপর্দ করে যুবকেরা।

আরও পড়ুন: মেরিন ড্রাইভ থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার 

আটক যুবকেরা হচ্ছেন - ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) ও মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীরা মিরসরাই উপজেলার করের হাট ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদেরকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ