জেলা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
আরও পড়ুন: নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর বিএনপির প্রতিবাদ
এছাড়া পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সামিরুল ইসলাম বাসি ও সাধারণ সম্পাদক রওশন আলীকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাতে সদর থানা পুলিশ গ্রেফতার করে এক যুবলীগ নেতাকে।
গ্রেফতার পাঁচ ছাত্রলীগ নেতা হলেন - হাতীবান্ধা উপজেলার সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা শাকিল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি রাসেদুল ইসলাম শিমুল।
আরও পড়ুন: শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
এর আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ২ জানুয়ারি বিএনপি নেতা আফজাল হোসেন লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনের নামে একটি মামলা রুজু করেন। সেই মামলায় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের পাঁচ নেতা এবং সদরের তিন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এদিকে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিনিধি/ এমইউ