Dhaka Mail Logo

সারাদেশ

বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন ৫০০ দরিদ্র

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের মুরাদপুরে সাহেবডাঙ্গা হাট সংলগ্ন সাবেক চেয়ারম্যান মরহুম এরফান আলী চৌধুরীর বৈঠকখানায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে শূন্য থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষের চোখের বিভিন্ন পরীক্ষা ও চশমা প্রদান করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) চক্ষু শিবিরের আয়োজন করে সাবেক চেয়ারম্যান মরহুম এরফান আলী চৌধুরীর পরিবারের সদস্যরা।

আন্ধেরী বন হিলফি জার্মানির অর্থায়নে চক্ষু শিবিরে গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর-এর অভিজ্ঞ চিকিৎসক আতিকা ইসলাম এবং বিনয় চন্দ্রসহ চক্ষু হাসপাতালের ১৫ জনের মেডিকেল টিম রোগী দেখেন এবং চোখে ছানি পড়া দরিদ্র রোগীদের অপারেশনের জন্য বাছাই করেন। এ ধরনের রোগীদের হাসপাতালে নিয়ে চোখে সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন - মরহুম এরফান আলী চৌধুরীর পরিবারের মো. শওকত আলী, হাজী মো. তহসিন আলী, হাজী মো. তসলিম আলী, মো. সাইফুল্ল্যাহ খালেদ (শাহরিয়ার) এবং মো. শাহনেওয়াজ আলী প্রমুখ।

আয়োজকরা আরও জানান, মরহুম এরফান আলী চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় প্রতি বছর দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দান এবং সদকা করা হয়। এ বছর বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক দরিদ্রদের চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়া রোগীদের বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।

প্রতিনিধি/ এমইউ