Dhaka Mail Logo

সারাদেশ

‘ছদ্মবেশে’ যশোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অতঃপর...

জেলা প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

যশোরের বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে দালালদের মাধ্যমে ঘুস আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদকের একটি টিম বিআরটিএ যশোর অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন দালালকে অর্থদণ্ড দিয়েছেন। অপর একজন দালাল মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। আটকদের মধ্যে যশোর, ঝিনাইদহ এবং অভয়নগর উপজেলার কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। তারা বিভিন্ন ধরনের সেবা দিতে ঘুস আদায় করছিলেন।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, বিআরটিএ অফিসে দালালদের মাধ্যমে সেবা পাওয়ার জন্য ঘুস দিতে হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক ছদ্মবেশে একটি টিম পাঠায়। সেখানে দালালদের সঙ্গে ঘুসের চুক্তি করে আমরা তাদের চিহ্নিত করি।’ অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চারজনকে জরিমানা করা হয় এবং একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার গোলাম রব্বানী বিশ্বাসের ছেলে মাহাবুব হাসান শিমুলকে ১০ হাজার টাকা, ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে হুমায়ুন কবির মামুনকে ৬ হাজার টাকা, যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে আবদুল ওয়াদুদ পলাশকে ৫ হাজার টাকা এবং যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, যশোর শহরের শংকরপুর এলাকার হালিমের ছেলে খোকনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদক কর্মকর্তা আল আমিন আরও বলেন, আমরা শুধু দালাল চক্রকেই ধরিনি, বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তারা যোগসাজশ করে সেবা নিতে আসা জনগণের কাছ থেকে ঘুস আদায় করছে। অভিযানে অভিযুক্ত অফিসের কর্মকর্তাদেরও চিহ্নিত করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলবে।

এদিকে, বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন বলেছেন, আমি এখানে চার দিন আগে যোগদান করেছি। যাদের ধরেছে তারা অফিসের বাইরে রাস্তায় ছিল। তবে ভবিষ্যতে আমাদের অফিসে সেবা নিতে আসা কাউকে যেন দালালের খপ্পরে পড়তে না হয়, সেজন্য আমরা সতর্ক থাকবো। ঘুস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযানে উপস্থিত ছিলেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন, উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন, তৌহিদুর রহমান এবং কৃষপদ বিশ্বাস।

প্রতিনিধি/এইউ