Dhaka Mail Logo

সারাদেশ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আবুল গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ এএম

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। আবুল হোসেন উপজেলার ভারত সীমান্তবর্তী চিমটিবিল এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার রাতে র‌্যাব-৯ -এর সদস্যরা ভারত সীমান্তবর্তী চিমটিবিল থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সোমবার ভোরে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম।

স্থানীয়রা জানায়, তার বিরুদ্ধে ৯ জুলাই চুনারুঘাট থানায় একই এলাকার এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তার আগেই র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও আবুলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, মাদক, চোরাকারবারির মামলা রয়েছে। আবুল উপজেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। তার নামে নিরীহ লোকজনকে মামলা হামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। 

প্রতিনিধি/ এজে