Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইশা বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। 

স্থানীয়রা জানান, সকালে ইশা তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত ছিলেন বাড়ির কাজে। এ সময় বড় ভাইয়ের ছেলেকে একটি টুলে রেখে সবার অজান্তে তার শয়নকক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ছেলেকে একা টুলে বসে থাকতে দেখে তার মা ইসাকে দেখতে না পেয়ে ইসার খোঁজ করেন। এ সময় ইশার শয়নকক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইশার লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ