জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে রচিত সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনা-রেহানা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে।
যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুর ১২টার কিছু সময় আগে অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।
আজাহারুল ইসলাম বলেন, উদ্বোধনের পর খেলা শুরুর আগে নাচের সঙ্গে সাউন্ড বক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সংগীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সেই কারণে পুলিশ ডেকে আয়োজকদের ধরিয়ে দিয়েছি।’
আটকরা হলেন - রফিকুল ইসলাম, রওশন আরা রাশু, ইমরান হাসান টুটুল, অর্চনা বিশ্বাস ইভা এবং হুমায়ুন কবীর। অর্চনা যশোরের মুজিব সড়কে অবস্থিত ‘জয়তী সোসাইটি’ নামের একটি সংস্থার পরিচালক। নারী অধিকার সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত সরকারের আমলে (২০২১) তাকে রোকেয়া পুরস্কার দেওয়া হয়।
রাশু ‘শেকড়’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কর্মচারী। আর টুটুল সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সম্পাদিত স্থানীয় দৈনিক স্পন্দনের ফটোগ্রাফার। তার মা রিজিয়া পারভিন গেল ইউপি নির্বাচনে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ছিলেন। অন্য দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনা, রেহানা ও কাদেরের বিরুদ্ধে মামলা
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজাহারুল ইসলাম বলেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। এতে যার যতটুকু দায় আছে, তাকে ততটুকু শাস্তি নিতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই অনুষ্ঠানটির মূল সংগঠক ছিলেন টুটুল। তিনি এই অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের অতিথি করেন। তাদের মধ্যে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঙ্গে যোগাযোগ করা গেছে। তবে তারা আজকের অনুষ্ঠানে যাননি।
প্রতিনিধি/ এমইউ