জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১০:১০ এএম
রাজশাহীর গোদাগাড়ীতে ড্রাগন ফলের বাগানে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর এলাকার এক ড্রাগন বাগানে এই ঘটনা ঘটে। এরপর থেকে ওই বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছেন।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ড্রাগন ফুলে আলো দিতে বিদ্যুতের লাইন লাগানো ছিল বাগানে। সোমবার সকালে ইয়ামিন নামের ওই যুবক বাগানের পাশে তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন আরও জানান, অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে গ্রেফতার আতঙ্কে ওই ড্রাগন ফল বাগানের মালিক গা ঢাকা দিয়েছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
টিবি