জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পিএম
ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কটূক্তিকারীদের কঠিন বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমবেত হয় বিক্ষোভকারীরা।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচএম নাইম মাহমুদ, সাধারণ সম্পাদক রাব্বি হাসান, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতা মুফতি আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ডা. এইচএম মোমতাজুল করিম।
পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে গিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে ইসলামী বিদ্বেষ ছড়াচ্ছেন। তিনি ভারতের বিভিন্ন নেতাদের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার পায়তারা করছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে যারা জড়িত তাদের নেপথ্যের কারিগরদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে বর্তমান সরকারকে ভারত সরকারের কাছে প্রতিবাদ চিঠি পাঠানোর দাবি জানাচ্ছি।
বিক্ষোভকারীরা আরও বলেন, ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে নিতে হবে।
প্রতিনিধি/এসএস