images

সারাদেশ

লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম

কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহি আলম মারুফ (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় রাতে নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ জনতা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, কিশোর মাহি তার মায়ের সাথে নগরীর শাকতলা এলাকায় বসবাস করতো। শুক্রবার বিকেলে মাহিসহ বেশ কয়েকজন কিশোর লুডু খেলছিল নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশনের পাশে। খেলা চলাকালে পাশ্ববর্তী রামনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে তুহিনের (১৭) সাথে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে মাহির পেটে ছুরিকাঘাত করে তুহিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারা মাহি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। এ সময় উত্তেজিত লোকজন ঘাতক তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাহি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতিনিধি/ এজে