Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে হাসান মাহমুদ ও নওফেলসহ ২৪৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর চট্টগ্রামে আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে এক সিএনজি চালক। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ আসামি রাখা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পতন হলে উৎসুক জনতার আনন্দ মিছিলে শামিল হতে গিয়ে চট্টগ্রামের সিএনজি চালক মো. আনোয়ার হোসেন (৪১) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে তিনি বাদি হয়ে সিএমপির ডবলমুরিং মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করবেন সংশ্লিষ্ট থানার এসআই মো. ইমাম হোসেন। থানার মামলা নম্বর-০১/১৬৮।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, চট্টগ্রাম ১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক চসিক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিন উদ্দিন, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চসিকের সাবেক কমিশনার আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ নগরীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ২৪৯ জন ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতন হলে উৎসুক জনতার আনন্দ মিছিলে যোগ দেন সিএনজিচালক আনোয়ার হোসেন। মিছিলটি নগরীর ঈদগাঁ হতে দেওয়ানহাট যাওয়ার সময় বিকেল সাড়ে ৩টা সময় ডবলমুরিং থানার মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে পাকা রাস্তার উপর পৌঁছান। এ সময় প্রথম সারির আসামীদের নির্দেশে হত্যাযজ্ঞ চালাতে অবৈধ অস্ত্র নিয়ে আনন্দ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণ করার কথা এজাহারে উল্লেখ করেন তিনি।

এতে বাদি আনোয়ার হোসেনের ডান হাতের বাহুর সামনে দিয়ে গুলি প্রবেশ করে পিছন দিক দিয়ে বের হয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

প্রতিনিধি/এজে