Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে শেখ হাসিনা-রেহানাসহ ৭৫১ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৭ পিএম

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৪৫১ জন নামীয় আসামি ও অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনের নামে মামলা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন দোকান শ্রমিক মমদেল হোসেন ওরফে মমদেল (২৮)।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

মামলার আবেদন সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। সংঘর্ষচলাকালে পুলিশের গুলিতে বাদী মমদেল হোসেনের বাম পায়ের হাঁটুর নিচের অংশ গুঁড়ো হয়ে যায়। এ ছাড়াও  হাতে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রংপুর থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ও হাতের আঙুল কেটে ফেলা হয়। ওইদিন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন।

আরও পড়ুন

আ.লীগের সাবেক তিন এমপিসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

মামলায় শেখ হাসিনাসহ নিম্নল্লেখিত আসামিদের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে আবেদনে বলা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৪৫১ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জন।

অন্য আসামিরা হলেন— সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, সাংবাদিক নাইমুল ইসলাম খান, সাবেক তথ্য  প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অপু উকিল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি আক্তারুজ্জামান, পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) উত্তম কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায়সহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড পর্যায়সহ অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন স্তরের ৪৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস