Dhaka Mail Logo

সারাদেশ

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন 

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম

নরসিংদীর রায়পুরায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের ওপর হামলা ও গুলির ঘটনায় মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। 

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত থেকে এই বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন করে এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের দফতর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, সিনিয়র সদস্য হলধর দাস, জয়নাল আবেদীন, মো. ফারুক মিয়া,  মনজিল-এ-মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিংদী প্রতিনিধি সুমন বর্মন, বাংলা টিভির জেলা প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল, নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি  শফিকুল ইসলাম মতি,  রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, সদস্য মো. মোমেন মিয়া, ফাহিমা খানম, পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক  মোবারক হোসেন।

এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ দীপ, কোষাধ্যক্ষ তন্ময় সাহা, দপ্তর সম্পাদক ইদুল ফিতর, সদস্য শামীম মিয়া, দিদার হোসেন পিন্টু, কবির হোসেন, রাব্বী সরকার, ইয়াসিন মিয়া, সৈয়দ ইমরান হোসেন, হিমেল দে ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তারা সকল অন্যায় ও দূর্নীতি তাদের কলমের মাধ্যমে জনগণের সামনে তোলে ধরেন। সাম্প্রতিক সময়ে রায়পুরা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রায়পুরার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের ওপর হামলা, দখলসহ বিভিন্ন ধরনের অত্যাচার মূলক কাজ করে আসছে। আর তাদের এই সকল অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলে সাংবাদিকদের চালানো হয় সন্ত্রাসী হামলা। দেশ রুপান্তরের সাংবাদিক মনিরের ওপর তেমনটাই হয়েছে। মনির এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরায় তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে গুলি করে ও হ্যামার দিয়ে পিঠিয়ে তাকে হত্যার চেষ্টা করে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই ঘটনায়  জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।  

বক্তারা আরও বলেন, এখন থেকে আর কোন সাংবাদিকদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। পাশাপাশি মনিরের ওপরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে  আইনের আওতায় না আনা হলে সুশীল সমাজকে সাথে নিয়ে জেলার সাংবাদিক মহল দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

উল্লেখ্য, মঙ্গলবার  দুপুরে মনির রায়পুরা উপজেলার  শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর বাজারের পাশেই পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে ও পায়ে, হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রতিনিধি/একেবি