images

সারাদেশ

ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ০৮:২২ এএম

পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতের দায়ের কোপে মা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কালিবাড়ী বাজার এলাকার উত্তর জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় বিষয়টি প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম। 

নিহত মায়ের নাম যুথিকা বালা (৫৫)। তিনি ওই এলাকার নারায়ন বালার স্ত্রী এবং ঘাতক জ্যোতিষ বালা (৩২) তার বড় ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, নারায়ন বালার চার ছেলে, দুই ছেলে ভারতে থাকে, এবং দুই ছেলে স্থানীয় কালিবাড়ী এলাকায় চায়ের দোকানের ব্যবসা করে। প্রতিদিন দোকানের কাজ শেষে ১১-১২টার দিকে জ্যোতিষ বালা ও তার বাবা নারায়ন বালা বাড়িতে যান। ঘটনার দিন রাতে জ্যোতিষ বালা বাবার আগেই বাড়ি যান। বাড়িতে গিয়ে মাকে দা দিয়ে কুপিয়ে তিনি আবার কালিবাড়ী চায়ের দোকানে ফিরে আসেন। এরপর নিজের শিশু মেয়েকে নিয়ে পুণরায় বাড়িতে আসেন। এসময় তিনি পাশের বাড়ির লোকজনকে ডেকে বলেন, কে যেন তার মাকে কুপিয়ে জখম করেছে। তার ডাক চিৎকারে স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম সেন্টুসহ পার্শ্ববর্তী বাসিন্দারা সেখানে আসেন। তাদের সহযোগিতায় যুথিকা বালাকে গুরুতর আহত অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসা হয়। সেখানকার ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপতালে পাঠান। খুলনা নেওয়ার পথে আঁধাজুড়ি নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, চাঞ্চাল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে পিরোজপুর পুলিশ যৌথ অভিযান চালায়। এবং মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামি ছেলে জ্যোতিষকে গ্রেফতার করে। এই ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত দেশীয় ধারাল দা বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি