Dhaka Mail Logo

সারাদেশ

রাসেলস ভাইপার ভেবে বিরল প্রজাপতির অজগরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৪, ০৯:২৭ এএম

জামালপুরে রাসেলস ভাইপার সন্দেহে ৭ ফুট লম্বা বিরল প্রজাপতির একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের দক্ষিণ বালু গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় চারদিকে বন্যার পানি থাকায় এক গাছের ডালে আশ্রয় নেয় অজগরটি। স্থানীয়রা নৌকা দিয়ে চলাচলের সময় গাছের ডালে দেখতে পায় সাপটিকে। আগে থেকেই রাসেলস ভাইপার আতঙ্ক থাকায় স্থানীয়রা অজগরটিকে রাসেলস ভাইপার মনে করে। এই ঘটনা জানাজানি হলে মুহূর্তেই স্থানীয়দের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গাছের নিচে একটি জাল পেতে লাঠি দিয়ে সাপটিকে নিচে ফেলে জালে আটকে ফেলে। এরপর পিটিয়ে হত্যা করা হয় সাপটিকে। এরপর মৃত সাপটিকে নিয়ে গ্রামের মানুষকে রীতিমতো মিছিল করতেও দেখা গেছে।

দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার সম্পর্কে এতটাই আতঙ্ক ছড়ানো হয়েছে যে, এখন মানুষ সাপ দেখলেই সেটাকে রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে হত্যা করছে। সেই আতঙ্কে অনেক নির্বিষ সাপকেও হত্যা করা হচ্ছে। এই আতঙ্ক দূর করতে দ্রুত মানুষকে সচেতন করতে হবে।

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান জানান, অজগর সাপটি বন্যার পানি থেকে নিজেকে রক্ষা করার জন্য গাছে ডালে অবস্থান নিয়েছিল। গ্রামবাসী সাপটি দেখতে পায়। তারা সাপটিকে রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলে। তাই রাসেলস ভাইপার সাপের বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে।

প্রতিনিধি/টিবি