জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৪, ০৬:০৯ পিএম
ব্যানার টানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি কর্মকর্তাদের নামে অপপ্রচারের অভিযোগের একটি মামলায় হারুন অর রশীদ (৬৮) নামে এক বৃদ্ধের ১৩ বছরের জেল দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুন) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে হঠাৎ করেই টানিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। ওই ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)। তাতে আরও লেখা ছিল, দলটিতে যোগ দিলে কোনো ধরনের কর দেয়া লাগবে না। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা ছিল। পুলিশ এসব ব্যানার একটি ফেসবুক পেজে গিয়েও দেখতে পায়।
আরও পড়ুন
পরে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জে কথিত এ সংগঠনের সংগঠক হিসেবে হারুন অর রশিদসহ কয়েকজন অপপ্রচার করছেন। এরপর তদন্ত করে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। মামলায় আরও তিনজন আসামি ছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক তাদের বেকসুর খালাস দিয়েছেন।
এ বিষয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম বলেন, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। তবে দণ্ডিত হারুন অর রশিদ গ্রেপ্তারের পর জামিন নিয়েই গা ঢাকা দেন। তিনি এখনও পলাতক। এ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হারুন অর রশিদকে তিনটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। তিন ধারায় তাকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
প্রতিনিধি/একেবি