জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৪, ০৭:৫৩ এএম
ফরিদপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে লাবিব মৃধা (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা মো. লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছে।
ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিল। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়েন।
এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু করে বলেন, বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।