images

সারাদেশ

নির্বাচনের বিজয় মিছিলে কিশোরকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৪, ০৮:৩১ এএম

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছেন। এ ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে।

বুধবার (৫ জুন) সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বাজারে ঘটনাটি ঘটেছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা মিছিল করার জন্য চাঁচড়া বাজারে সমবেত হচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, পেছন থেকে হঠাৎ কেউ একজন আমার বুকে ছুরি মারে। আমি তাকে চিনতে পারিনি।

গণপিটুনির শিকার শাকিবের মামা শহিদ রহমান বলেন, মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় শুনি কেউ একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। নামাজ শেষে ফেরার পথে জানতে পারি, আমার ভাগিনাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এসআই আব্দুল মালেক বলেন, চাঁচড়া এলাকায় এক ছেলে ছুরিকাহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর পরপরই আরেক কিশোর ভর্তি হয়েছে গণপিটুনির শিকার হয়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।

প্রতিনিধি/টিবি