images

সারাদেশ

কারাগারেই বিয়ে হলো আসামি ও বাদীর

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম

কারাগারে বিয়ে। এমন খবর চাউর হলে বিয়ে আর বর-কনে নিয়ে সবার কৌতূহল জাগে। চলে নানা আলোচনা। জানা যায়, আদালতের আদেশে এমন আয়োজন। বর হাজতে কনে এলেন পিত্রালয় থেকে। কারাগারেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে উভয় পরিবার ও উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি।

বুধবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার কারাগারে আদালতের নির্দেশেই জেলা কারা কর্তৃপক্ষ এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মুজিবুর রহমান মজুমদার।

হাইকোর্টের আদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দি থাকা আসামির সঙ্গে বাদীর এই বিয়ে হয়।

বর আসামি আশিষ বাউরী (৩৫) এবং কনে কুঞ্জুমাল (২৫) -এর বিয়ে তাদের নিজস্ব ধর্মীয় রীতি অনুযায়ী একজন পুরোহিতের মাধ্যমে সম্পন্ন করা হয়। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন।

আসামি আশিষ বাউরী রাজনগরের ২ নং উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে এবং কনে কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃত মনীষা মালের মেয়ে।

২০২৩ সালের ১১ আগস্ট রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে ভিক্টিম কুঞ্জুমালকে ধর্ষণ করে আসামি আশিষ বাউরী। ওই দিন তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে ইতোমধ্যেই ভিক্টিম কিশোরীর গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করেন। বর্তমানে তার তিন মাসের একটি সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন।

আসামির পরিবার জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামী আশিষ বাউরীকে জামিন দেবেন।

প্রতিনিধি/একেবি