Dhaka Mail Logo

সারাদেশ

অপরাধী ধরতে গিয়ে হামলার শিকার, ১০ পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৪, ০৮:৪৪ এএম

চট্টগ্রামে সোনা মানিক নামের এক দুর্ধর্ষ অপরাধীকে ধরতে গিয়ে হামলায় পুলিশের চার কর্মকর্তা ও ছয় সদস্য আহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) গভীর রাতে জেলার বাঁশখালীতে উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী হাজী আলী মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচয় পাওয়া আহত পুলিশ সদস্যরা হলেন— বাঁশখালী থানার উপপরিদর্শক সুধাংশু শেখর হালদার, আহসান হাবিব, তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম এবং কনস্টেবল মো. রুহুল। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

জানা গেছে, থানায় ডাকাতিসহ নানা অপরাধে ১৮ মামলার আসামি সোনা মানিককে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায় চালায় পুলিশ। এ সময় মানিক বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ১০ পুলিশ সদস্য আহত হন। তবে আহমদ কবির ওরফে সোনা মানিক নামে আলোচিত আসামিকে একটি বিদেশি বন্দুক এবং দুটি এলজি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

ওসি তোফায়েল আহমদ জানান, সন্ত্রাসী সোনা মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। সে বিভিন্ন সময় গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার অপকর্ম শুরু করে। তাকে গ্রেফতার করতে গিয়ে চার কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরে মানিককে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক, দুটি এলজি পিস্তল, রামদা ও গুলি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।