images

সারাদেশ

সর্বহারা পার্টির সাবেক সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৪, ০১:৪৭ এএম

পাবনা সদর উপজেলায় আব্দুর রাজ্জাক শেখ (৩৮) নামে সর্বহারা পার্টির সাবেক এক সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবিহ নামাজের পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যায় আব্দুর রাজ্জাক। এরপর ওখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এমন সময় দুটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী যুবক এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

/এএস