জেলা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১১) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সদর উপজেলার পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুর বাইসাইকেলের পেছনে চড়ে শিশুটি মিশন মোড় থেকে হাড়িভাঙ্গার বাড়ির উদ্দেশ্যে লালমনিরহাট-রংপুর মহাসড়ক ধরে যাচ্ছিল। একই দিক থেকে একটি মোটরসাইকেল বাইসাইকেলের বামপাশ ঘেঁষে পার হওয়ার সময় তাদের ধাক্কা দিলে আব্দুল্লাহ ছিটকে সড়কে পড়ে যায়।
এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের (চট্টমেট্রো) পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে সাইকেলে থাকা অপর আরোহী রাস্তার বিপরীত পাশে পড়ে যাওয়ায় বেঁচে যায়।
এ বিষয়ে লালমনিরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আশীষ কুমার বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহর লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এমইউ