images

সারাদেশ

যশোরে আগুনে পোড়া যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

যশোরে মহাসিন (৪২) নামে এক যুবকের আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাসিন সুদের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফতেপুরে ফেলে রেখে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন মহাসিন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ট্রিপল ৯৯৯ খবর পাই একটি লাশ পড়ে আছে। লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তিকে এখানে এনে তার গলা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য লাশের মুখমণ্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, সকালে ফতেপুর আদর্শপাড়ার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাছাই করে পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, নিহতের স্বজনরা থানায় রয়েছে। এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস