উপজেলা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলা অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার নবাবগঞ্জ ও কলাকোপা বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
জানা যায়, খাদ্যদ্রব্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ না করার জন্য ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি খাদ্যশস্য পাইকারি বিক্রেতাদেরকে খাদ্য অধিদফতরের ফুড গ্রেইন লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় কলাকোপা বাজারে লিপি জেনারেল স্টোরের মালিক বিপদ ভঞ্জন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
অপরদিকে, পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সৃষ্টি পরিবেশ দূষণরোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে সকল দোকানদার ও ব্যবসায়ীকে পণ্য সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
প্রতিনিধি/ এজে