জেলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম
সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলার উজানধলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম আনোয়ার হোসেন(৫০) সে উজানধল গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে।
আহতদের মধ্যে সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেনের ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সঙ্গে প্রতিবেশী মনফর মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধানের চারাগাছ লাগায়। এ ঘটনায় সোমবার দুপুরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টার সময় আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/ এজে