জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলাহাটা এলাকায় ট্রাক চাপায় মাধব কুমার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
মাধব কুমার কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের মধু সাহার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিলেন মাধব কুমার। পথিমধ্যে কালীগঞ্জ শহরের কলাহাটা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দু’জনই রাস্তার ওপর পড়ে গেলে ঘাতক ট্রাক মাধব কুমারকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস