images

সারাদেশ

ইজতেমা নিয়ে গুজবে কান দেবেন না: আইজিপি

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশবাসীকে আমি অনুরোধ করব ইজতেমা নিয়ে গুজবে কান দেবেন না। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানে পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, একটি মহল দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার চেষ্টা করে বিভিন্ন দল, গ্রুপের এবং সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। 

তিনি বলেন, কেউ যদি এখানকার ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালানোর পরিকল্পনা করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমার যথাযথ নিরাপত্তা দিতে সক্ষম হবো।

আরও পড়ুন

‘ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই’

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কোনো পোস্ট বা ছবি আপলোড করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য আমাদের সাইবার মনিটরিং এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। ইজতেমার আগত মুসুল্লিগণ গমনাগমন স্বাভাবিক রাখার জন্য আমরা বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকটি মিটিং করেছেন, পুলিশ হেডকোয়ার্টারে আমরা মিটিং করেছি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারও মিটিং করেছেন, জেলা প্রশাসক মিটিং করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের মিটিং করেছে। ইজতেমাস্থলে যেকোনো সমস্যা হলে আপনারা এলাকাভিত্তিক ঢাকা মহানগরের হলে ঢাকা মহানগর পুলিশের কন্ট্রোল রুম, গাজীপুর মহানগরের হলে গাজীপুর মহানগর পুলিশের কন্ট্রোল রুম, র‌্যাবের কন্ট্রোল রুমে, রেলওয়ে কন্ট্রেল পুলিশসহ বিভিন্ন ইউনিটের রুম অপনারা সকলে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নিকটস্থ থানায়ও জানাতে পারেন। সর্বোপরি আপনাদের কিছুই মনে না থাকলে ৯৯৯-এ ফোন করে দেবেন।

আইজিপি বলেন, শুধু হেলিকপ্টার নয়, ড্রোন দিয়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সঠিক আছে কি-না এবং মানুষের গতিবিধি আমরা ওয়াচ করছি। ইজতেমাস্থলে বিদেশি মেহমানদের স্বাগত জানানোর জন্য এখানকার মুরুব্বীরা তাদের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে আমাদের অবহিত করেছেন। তাদের ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে যেটা যেভাবে দরকার সেভাবেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।

আরও পড়ুন

ইজতেমা উপলক্ষে বাংলাদেশ পুলিশের নির্দেশনা

তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে, তাদের কাছ থেকে আমরা সবসময় তথ্য পাচ্ছি। তথ্যের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সকলে আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বর্তমান নিরাপত্তায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিম, ক্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ে আমাদের প্রশিক্ষক টিম, নৌ বহর ও হেলিকপ্টার দিয়েও টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে।  সোয়াট টিম থাকবে, সিআরটি থাকবে। এছাড়া আমাদের পর্যাপ্ত সংখ্যক সিসি টিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে সার্ভিসেস করব। এছাড়াও ওয়াচ টাওয়ার থাকবে, সাদা পোশাকে এবং পোশাকে পুলিশের সদস্যরা থাকবে। ইজতেমা স্থলে যদি ভিআইপি-ভিভিআইপিরা আসেন তাদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। নিরাপত্তা পরিকল্পনা শুধু মাত্র যে ইজতেমা স্থলে তা কিন্তু নয়, এ নিরাপত্তা পরিকল্পনা রেল স্টেশন থেকে শুরু করে, ঢাকা মেট্টোপলিটন পুলিশের এলাকা থেকে শুরু করে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ঢাকা জেলা ঢাকা মেট্টোপলিটন পুলিশ সকলে মিলে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বিভিন্ন ইউনিট র‌্যাব, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সকলে সমন্বয় করে নিরাপত্তা পরিককল্পনা গ্রহণ করেছি।

প্রতিনিধি/এমএইচএম