জেলা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
নেত্রকোনার মদন উপজেলার ফচিকা সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নতুন ইট দিয়ে সড়ক সংস্কারের নিয়ম থাকলেও এই সড়কটিতে পুরাতন ইট ব্যবহার করার অভিযোগ করছেন স্থানীয়রা।
স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ করায় এক মাস কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এবার কাজ শুরু করলেও আবার পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে ধীরগতির সংস্কার কাজে ওই রাস্তার যাতাযাতকারী লোকজন পড়েছে বিপাকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) মদন উপজেলার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় থেকে পার্শ্ববর্তী আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় যাতায়াতের ফচিকা সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আইআরআর ডিপি-৩ প্রকল্পের আওতায় ফচিকা সড়কের ১ হাজার ৪৫০ মিটার সড়ক সংস্কারের উদ্যেগ নেন এলজিইডি। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ২ লাখ ২১ হাজার ৩৭৪ টাকা।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুন ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর কাজ শুরু করে ২০২৪ সালের ১৩ এপ্রিল কাজটি শেষ করার কথা রয়েছে।
এক মাসে আগে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। কার্পেটিংয়ের পাশে নতুন ইট দিয়ে এইজিংয়ের কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু ঠিকাদার রাস্তায় ব্যবহার করা পুরাতন ইট এইজিংয়ে ব্যবহার করছে। এ নিয়ে স্থানীয় লোকজন অভিযোগ করলে কাজ বন্ধ রাখে ঠিকাদার। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ওই সড়কে যাতায়াতকারী লোকজন পড়ে সীমাহীন দুর্ভোগে। কর্তৃপক্ষ কয়েক দফা চিঠি দিলে কাজ শুরু করলেও পুরাতন ইট পরিবর্তন করেনি ঠিকাদার। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফচিকা গ্রামের আজহারুল ইসলাম বলেন, পুরাতন ইট দিয়ে সড়কটি সংস্কার করছে ঠিকাদার। এতে কয়েকদিনেই সড়কটি ভেঙে যাবে। এর প্রতিবাদ করায় কিছুদিন কাজ বন্ধ রাখে ঠিকাদার। এখন আবার কাজ শুরু করলেও আগের মতই পুরাতন ইট ব্যবহার করছে। পুরাতন ইট ফেলে নতুন ইট দিয়ে যথাযথভাবে কাজটি করা হোক।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মুকুল ইসলাম বলেন, কাজের শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। রাস্তায় ব্যবহার করা পুরাতন ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় লোকজন বার বার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ করায় এক মাস কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। দুই দিন হয় আবার কাজ শুরু করেছে। কিন্তু নতুন ইটের বদলে আবার পুরাতন ইট ব্যবহার করছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন মিয়া বলেন, কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার শুরু করেছি। পুরাতন ইট ব্যবহার করেছিলাম। কিন্তু এখন সেগুলো তুলে নতুন ইট দিয়েই সংস্কার কাজ করব।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, ফচিকা সড়কের সংস্কার কাজে নতুন ইটের বদলে পুরাতন ইট ব্যবহার করেছে বলে অভিযোগ পেয়েছি। এমন অনিয়ম করায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ায় কিছু দিন কাজ বন্ধ রেখেছিল। ব্যবহার করা পুরাতন ইট পরিবর্তন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সংস্কার কাজ চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস