জেলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের হাতে ২৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হওয়া মো. লাল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ মে সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস