images

সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নিহত সদস্য রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিকারপুর বর্ডার দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল।

মরদেহ হস্তান্তর শেষে বেনাপোল বর্ডারে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এরপর দুপুরে লাশটি যশোর ৪৯ বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হবে। সেখানে লাশের জানাজা শেষে রইশুদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকসাগ্রামে সাহাপাড়ায় নেওয়া হবে।

নিহত রইশুদ্দীন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

এর আগে সোমবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে ভারতের সুটিয়া সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় পাচারকারীরা। এ সময় বিজিবি সদস্য রইশুদ্দীন গতিরোধ করার চেষ্টা করলে চোরাকারবারিরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে দুই চোরাকারবারি ভারতীয় অংশে আহত হয়। এরপর বাংলাদেশ অংশে ঢুকে পড়া গরুগুলো বিজিবি সদস্যরা উদ্ধার করতে গেলে বিএসএফ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্যকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করা হয়। 

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে। পরে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘনকুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোহাম্মদ রইশুদ্দীন মারা যায়।

প্রতিনিধি/এইউ