images

সারাদেশ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী নিহত হয়েছেন। এই ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা চলছে। আতঙ্কের মধ্যে রয়েছেন সীমান্তবাসী। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেছেন। 

বিজিবির পক্ষ থেকে প্রথমে এমন কোনো তথ্য নিশ্চিত করা না হলেও পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএসএফের গুলিতে ওই সিপাহী নিহতের বিষয়টি জানানো হয়।

সূত্রে জানা গেছে, বিএসএফের গুলিতে রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। তিনি ৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

সীমান্তের সূত্রগুলো বলছে, সোমবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে ভারতের সুটিয়া সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় পাচারকারীরা। এ সময় বিজিবি সদস্য রইশুদ্দীন গতিরোধ করার চেষ্টা করলে চোরাকারবারিরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে দুই চোরাকারবারি ভারতীয় অংশে আহত হয়। এরপর বাংলাদেশ অংশে ঢুকে পড়া গরুগুলো বিজিবি সদস্যরা উদ্ধার করতে গেলে বিএসএফ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্যকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করা হয়। 

আরও  পড়ুন
শার্শায় মাদরাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছেন সভাপতি

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে। পরে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোহাম্মদ রইশুদ্দীন মারা গেছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি ও কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এইউ