জেলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্কের বাথরুমে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা যুবকের ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে দুই বন্ধুসহ প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
তাদের বিরুদ্ধে মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, আটপাড়া উপজেলার দেবীদ্বার গ্রামের জহিরুল ইসলামের ছেলে রোদ্র তালুকদার (১৯), মোহনগঞ্জের বড়কাশিয়া গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে সাজিত মিয়া (২০) ও একই উপজেলার পানুর গ্রামের হাজী রহমানের ছেলে ছাব্বির মিয়া (১৯)। ওই তিনজন একে অপরের বন্ধু।
আর ভুক্তভোগী তরুণীর বাড়ি মোহনগঞ্জ শহরেই। তিনি শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি মোহনগঞ্জ শিশুপার্কের বাথনরুমে তরুণীর সঙ্গে একান্তে মিলিত হয় রোদ্র তালুকদার। বাইরে পাহারার দায়িত্বে থাকে ছাব্বির ও সাজিত। তবে বাথরুমে আগে থেকেই ক্যামেরা লাগিয়ে কৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে দুই বন্ধু। পরে সেই ভিডিও রোদ্র ও তরুণীর ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে ছাব্বির ও সাজিত। কাঙ্খিত টাকা না পেয়ে পরিচিত অনেকের কাছে সেই ভিডিও পাঠাতে থাকে তারা। ঘটনাটি পরিচিত লোকদের কাছে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে সেই ভিডিও পুলিশের হাতে চলে যায়। পরে পুলিশ গত কাল রোববার বিকেলে তাদের অভিযান চালিয়ে আটক করে।
পরে সোমবার ওই তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামালায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/ এজে