জেলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের রিজার্ভ আবার ঊর্ধ্বমূখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হবে।
তিনি বলেছেন, সরকারের সামনে কোনো বিপদ নেই, সরকার কোনো বিপদে নেই। সরকারের সামনে বৈশ্বিক অর্থনীতি মোকাবিলার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
‘যেকোনো সময় সরকারকে বিদায় নিতে হবে’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, সরকার শূন্যের ওপর, আসমানে নাকি মাটিতে আছে সেটা জনগণ জানে। রাজনীতি থেকে নির্বাসনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে হানিফ বলেন, যেকোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।
বিএনপির বিষোদগার সম্পর্কে হানিফ বলেন, স্বাধীনতার বিপক্ষে থাকা বিএনপির কাছে পাকিস্তান প্রিয়। তারা দেশের উন্নয়ন অগ্রগতি ভালো চোখে দেখে না। পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে গেছে এটা তাদের জ্বালার কারণ। তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা শেখ হাসিনাকেও পছন্দ করে না। অথচ দেশ মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছে দেখে পুরো বিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
প্রতিনিধি/এসএস