images

সারাদেশ

শার্শায় মাদরাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছেন সভাপতি

উপজেলা প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম

যশোরের শার্শায় আলিমুজ্জামান (৫০) নামে এক মাদরাসা শিক্ষককে পিটিয়ে যখম করেছে প্রতিষ্ঠানের সভাপতি ও তার লোকজন। 

রোববার (২১শে জানুয়ারি) দুপুরে উপজেলার লাউতাড়া রাবেতাতুল উলুম দাখিল মাদরাসার সুপারের কক্ষে সভা চলাকালিন এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলিমুজ্জামান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।

আহত আলিমুজ্জামানের পরিবার জানায়, মাদরাসার দাতা সদস্য আলিমুজ্জামান প্রতিষ্ঠার সময় থেকে চাকরি করে আসছেন। আজ (রোববার) দুপুরে মাদরাসার সুপারের কক্ষে পরিচালনা পরিষদের সভা চলাকালিন নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের সভাপতি আকরম হোসেন ও তার সাথের লোকজন আতর্কিত হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারপিঠ করে রক্তাক্ত করে। একপর্যায়ে সে জ্ঞান হারালে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
 
এ ব্যাপারে মাদরাসা সুপার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত শিক্ষক আলিমুজ্জামান হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফেরার পর বিষয়টি সুরাহা করা হবে।

উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, শিক্ষককে মারধরের ঘটনাটি দুঃখজনক। এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/একেবি