জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
বগুড়া রেলস্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধের দুই হাত-পা ঝলসে গেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশনে ওভারব্রীজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত মোজাম প্রামানিক বগুড়া জেলার সোনাতলা থানার তালতলা গ্রামের হিমদ প্রামানিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে থাকা ভাসমান শিশুরা ককটেল সদৃশ্য একটি বস্তু কুড়িয়ে পায়। এসময় ওই বৃদ্ধ ইট দিয়ে সেই বস্তুটিকে আঘাত করলে তা বিস্ফোরিত হলে তার দুই হাত ও দুই পা ঝলসে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তাদের জানা নেই।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, আমি রেলওয়ে পুলিশের কাছে শুনেছি ভাসমান শিশুরা খেলাধুলা করার সময় পটকা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কেউ আহত হয়েছে কি না জানা নাই।
প্রতিনিধি/ এজে